বার্তা সংস্থা আবনা : মিয়ানমারে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মুসলমানদের ওপর নাসাকা বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। মুসলিম অধ্যুষিত রাখাইন (আরাকান) রাজ্যের পকটু থানার খুদিচি গ্রামে গতকাল (শনিবার) নাসাকার গুলিতে ৬ জন নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
অনেকে আহত অবস্থায় পরিবারের লোকজন নিয়ে নৌকাযোগে পালিয়ে বাংলাদেশের সমুদ্র উপকূলে আশ্রয় নিয়েছে। কক্সবাজার উপকূলে আশ্রয় নেয়া আহত আব্দুল গফুর রেডিও তেহরানকে জানিয়েছেন, তার ভাই নুর হোসেন (৩০) সহ পাঁচ/ছয় জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
তিনি ও তার পরিবারের সদস্যসহ মোট ৬০ জন নৌকাযোগে পালিয়ে বাংলাদেশের উপকূলীয় একটি গ্রামে গোপনে আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে ৩০ জন পুরুষ, পাঁচ জন মহিলা ও বাকিরা শিশু। উদ্বাস্তু শিশু ও মহিলাদেরকে গ্রামবাসী খাদ্য ও পানি দিয়ে সহযোগিতা করছে। এছাড়া অপর একটি নৌকায় করে আরো প্রায় একশ’ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের সমুদ্রসীমায় টেকনাফে আশ্রয় নেয়ার চেষ্টা করেছে। কিন্তু বিজিবি তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এখন তারা সমুদ্রে ভাসছে বলে জানিয়েছেন আব্দুল গফুর।
গতকালের ঘটনা প্রসঙ্গে আব্দুল গফুর বলেছেন, এর আগের দাঙ্গায় সর্বস্ব হারিয়ে অনেক মুসলমান তাদের পুড়িয়ে দেয়া গ্রামের পাশে টিলায় আশ্রয় নিয়েছিল। কিন্তু নাসাকা তাদেরকে সেখানে থাকতে দেবে না। ওই সব গৃহহীন মুসলমানকে জড়ো করে ক্যাম্পে নিয়ে যাবার চেষ্টা চালায় নাসাকার সদস্যরা। মুসলমানরা এতে আপত্তি জানালে নাসাকা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর এলোপাথাড়ি গুলি চালায়।